
বগুড়ায় বিস্কুট কারখানায় মোবাইল কোর্ট, দেড় লাখ টাকা জরিমানা
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি বিস্কুট কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর’২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়,কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন,গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক‘হাইড্রোজ’ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এছাড়া মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাইকার্বোনেট, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভার ব্যবহারের বিষয়ও অভিযানে ধরা পড়ে।
এ ছাড়া প্রস্তুতকৃত খাদ্যে ব্যাচ নম্বর উল্লেখ না করা,খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক সম্পর্কে মোড়কে মিথ্যা তথ্য ঘোষণা এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়ও অভিযানে প্রতীয়মান হয় বলে জানানো হয়েছে।
পরে এসব অভিযোগে দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৪২ ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান শেষে কারখানার মালিককে নিরাপদ খাদ্য সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে খাদ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিষ্ঠানের মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল,বগুড়া সদর এলাকার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
Leave a Reply