
গাইবান্ধায় অবৈধ সার মজুদের খবর সংগ্রহ করতে গিয়ে সময় টিভির সাংবাদিকদের ওপর হামলা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার কামারজানি এলাকায় অবৈধভাবে সার মজুদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সারের অসাধু মজুদকারী চক্রের ক্যাডার বাহিনীর হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি, বিপ্লব সরকার এবং ভিডিও জার্নালিস্ট সোহেল রানা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারজানি ইউনিয়নে একটি চক্র অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে—এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক বিপ্লব সরকার ও সোহেল রানা। ঘটনার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও অভিযান শেষে তথ্য ও ফুটেজ সংগ্রহ করে ফেরার পথে অবৈধ সার মজুদকারীর দলবল সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা সাংবাদিকদের পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুর ও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একই সাথে সাংবাদিকদের নানা ধরনের হুমকি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ঘটনাস্থল থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সত্য প্রকাশে গিয়ে সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলার ঘটনায় গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সকল চিহ্নিত অপরাধী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply