
সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ
ঢাকা: ফায়ার সার্ভিস দপ্তরের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি দেওয়া না হলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজেই) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ বলেন, শাহবাগ থানার ওসি যে মামলাটি গ্রহণ করেছেন, সেটি আইনিভাবে রক্ষা করা সম্ভব কি না, তা ভেবে দেখা উচিত ছিল। কোন আইনে মামলাটি নেওয়া হয়েছে এবং কোনো মহলের চাপে এটি করা হয়েছে কি না—সে প্রশ্নও তোলেন তিনি। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “অতি উৎসাহী আচরণ না করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। আদালতের মাধ্যমে তদন্ত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তবেই আইনানুগভাবে গ্রেপ্তার করা যেত।” ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সাংবাদিক হাফিজুর রহমান শফিক একজন পরিচিত অনুসন্ধানী রিপোর্টার। তাঁর প্রতিবেদনের সঙ্গে দ্বিমত থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রতিবাদলিপি পাঠানো বা আদালতে মানহানির মামলা করার আইনি সুযোগ ছিল। কিন্তু তা না করে সরাসরি হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের ঘটনা জুলাইয়ের চেতনার পরিপন্থী।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, “অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পরীক্ষিত সংবাদকর্মী হাফিজুর রহমান শফিককে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কারণে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে মামলা করার এখতিয়ার বা উপাদান আছে—এ কথা শাহবাগ থানার ওসিকে কে শিখিয়ে দিয়েছে, তা জাতির জানা প্রয়োজন।”
তিনি অভিযোগ করেন, গত দেড় দশক ধরে সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনের বিরুদ্ধে সাংবাদিক সমাজ আন্দোলন করে আসছে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি মন্তব্য করেন, এই ঘটনা প্রমাণ করে সিভিল ডিফেন্স ও পুলিশের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা সক্রিয় রয়েছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বলে সতর্ক করেন তাঁরা। বক্তারা আরও বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা যদি এভাবে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হন, তবে তা স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার শামিল। নিরপরাধ কাউকে মব সৃষ্টি করে হেনস্তা বা আইনি মারপ্যাঁচে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনকে মাথা ঠান্ডা রেখে উসকানি মূলক আচরণ বন্ধের আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ-এর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নিজামুদ্দিন দরবেশ, নির্বাহী কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
রাজু আহমেদ, নির্বাহী কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন তালুকদার রুমি, নির্বাহী কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফখরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এইচএম আল-আমিন, সাবেক নির্বাহী কমিটির সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমিনুল ইসলাম, সভাপতি, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি তাপস, সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মো. রাসেল সরকার, সভাপতি, ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), জিয়াউর রহমান নুরুল আবছার, কাউন্সিলর, বিএফইউজে আকাশ মনি, সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ প্রমুখ নেতৃবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply