
যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ফুলছড়ির এরেন্ডাবাড়ীতে এলাকাবাসীর মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডী বাজারের পশ্চিম পাশে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।আজ (সোমবার) হরিচন্ডী বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ওই অঞ্চলের শত শত ভুক্তভোগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ আলকাছুর রহমান (মাস্টার), ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কারিমুল ইসলাম কারি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আকরামুল ইসলাম।সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাও. আবু তালেব, সহকারী বায়তুলমাল সম্পাদক নাসির মাহমুদ, প্রিন্ট ও মিডিয়া বিষয়ক সম্পাদক (এবং ৮ নং ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক) শাহীন আলম, ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাও. আব্দুল আলীম এবং ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফেজ আ. হামিদ।মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদীর বুক থেকে অবৈধ ও অনিয়ঞ্চিত্র উপায়ে বালু উত্তোলন করে আসছে। এর ফলে তীব্র নদী ভাঙনের হুমকিতে পড়েছে স্থানীয় হরিচন্ডী বাজার, ঘরবাড়ি, আবাদি জমি ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তারা।সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে যমুনা নদী থেকে এই অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। একই সাথে নদী ও পরিবেশ ধ্বংসের এই কালো ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী। অন্যথায়, নিজেদের অস্তিত্ব ও ভিটেমাটি রক্ষায় আগামীতে আরও কঠোর সামাজিক ও আইনি আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
Leave a Reply