
গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও মারপিট: এজাহারভুক্ত ২ আসামি গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা, মারপিট ও জখমের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৩১ অক্টোবর) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. মমতা বেগম (২৭), স্বামী: আরিফ মিয়া এবং মো. মধু মিয়া (৫৬), পিতা: মৃত আফির উদ্দিন। উভয়ের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর উপজেলার উত্তর গীদারি বারটিকুরী মধ্যপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বাদী মোছা. আতোয়ারা বেগমের পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে ফিরোজ মিয়া, আরিফ মিয়া, নাজিম মিয়া, শাহ কামাল, লেজু মিয়া, নাছরিন বেগম, আয়না বেগম, মমতা বেগম ও মধু মিয়াসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি, লোহার রড, ধারালো ছোরা, চাপাতি ও চাইনিজ কুড়াল) নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ সময় তারা প্রতিবাদ করলে আসামিদের হুকুমে ও প্রত্যক্ষ হামলায় বাদীর পরিবারের সদস্য—আরিফ মিয়া, পুত্রবধূ মৌসুমী বেগম, শ্বশুর জয়নাল মিয়া এবং চাচা শ্বশুর খোয়া মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হওয়ায় একাধিক সেলাই দিতে হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির মতো অপরাধ সংঘটিত করেছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হওয়ার পর পুলিশ তৎপরতা চালিয়ে ৩০ অক্টোবর রাতে মমতা বেগম ও মধু মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Leave a Reply