
সাদুল্লাপুরে নগদ টাকা ও অলংকার নিয়ে স্ত্রীর উধাওয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুরে ১ লাখ ৫০ হাজার টাকা ও রূপার অলংকারসহ সন্তানকে নিয়ে স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী সুজন কুমার মহন্ত বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ২ নং নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের বাসিন্দা সুজন কুমার মহন্তের সাথে প্রায় ২০ বছর পূর্বে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী বৈরাগী পাড়ার শ্রীমতী নয়নী রানীর (৪২) বিয়ে হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ০১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় স্ত্রী নয়নী রানী তার কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে ঘর ছাড়েন। যাওয়ার সময় তিনি শাশুড়ির গচ্ছিত রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং হাত, কান ও পায়ের রূপার অলংকার সাথে নিয়ে যান।
পরবর্তীতে স্বামী সুজন কুমার মহন্ত স্ত্রীকে বাড়ি ফিরে আসার জন্য একাধিকবার যোগাযোগ করলে তিনি নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে সুজন কুমার খোঁজ নিয়ে জানতে পারেন যে, তার স্ত্রী পরকীয়া প্রেমের টানে অন্য এক যুবকের সাথে আত্মগোপন করেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply