
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১,২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১,২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুরগামী বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি B.M.V.I.P যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply