
গোবিন্দগঞ্জে বিশ্বকাপ চলাকালে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে অনলাইন ক্যাসিনো ওয়ানএক্সবেট সাইটের এজেন্ট আব্দুর রাজ্জাক মন্ডলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রাজ্জাক মন্ডল ওই এলাকার নুরুন্নবী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা এলাকায় অভিযান চালায়। এসময় ক্যাসিনো এজেন্ট আব্দুর রাজ্জাকের বাড়িতে বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ম্যাচে বাজি ধরার উদ্দেশ্যে ২০/২৫ জন জুয়ারি একত্রিত হয়ে জুয়া খেলার প্রস্তুতি নিতে থাকে। তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ক্যাসিনো এজেন্ট আব্দুর রাজ্জাকে আটক করে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে সে নিজেকে অনলাইন ক্যাসিনো ওয়ানএক্সবেট সাইটের এজেন্ট বলে জানায় এবং তার বাড়িতে জুয়ার আসর বসানোর বিষয়টি স্বীকার করে।
পরে আব্দুর রাজ্জাকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি স্মার্টফোন ও ২১৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্মার্টফোনগুলোতে ওয়ানএক্সবেট ক্যাসিনো সাইটের মোব ক্যাশ এ্যাপ, বিকাশ, নগদ ও রকেট মোবাইল ব্যাংকিং এ্যাপ ইনস্টল অবস্থায় পাওয়া যায়৷ প্রতিটি মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতে ওয়ানএক্সবেটসহ বিভিন্ন জুয়ার সাইটে ব্রাউজের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মোবাইলের ফোনের ভেতরে সংরক্ষিত অবস্থায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতাভোগীদের একটি তালিকা পাওয়া যায়৷ ধারণা করা হচ্ছে সে হ্যাকিং এর সাথেও জড়িত রয়েছে। সে দীর্ঘদিন ধরে ক্রিপ্টোকারেন্সি ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিল বলে পুলিশ জানায়।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক মন্ডলসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, তার ব্যবহৃত মোবাইলে অনলাইন জুয়ার বিভিন্ন ধরনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের মাধ্যমে আজ (সোমবার) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply