
কাকুয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ মতবিনিময় সভা
টাঙ্গাইল সদর উপজেলার ৯ নম্বর কাকুয়া ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে একটি অপরাধ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা ও ইভটিজিং থেকে দূরে রাখতে অভিভাবক ও সুশীল সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ শাহীন মিয়া। তিনি প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, “সামাজিক অবক্ষয় ও সন্ত্রাস রুখতে স্থানীয় জনগণ এবং প্রশাসনের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।”
সভাটিতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। তিনি স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এলাকাবাসীকে অনুরোধ জানান।
এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কাকুয়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2025
Leave a Reply