
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বুধবার
কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের মতো কুড়িগ্রামেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি বলেন, আগামীকাল (২২ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রামে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন— এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাঃ মাহমুদা মিতু-এমপি।
তিনি আরও জানান, পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে এক পথসভায় মিলিত হবে।
কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমানসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply