
বাগেরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামী
আন্তঃ জেলা মাদক সম্রাট মনিসহ চারজন আটক
এস এইচ রতন,বাগেরহাট
বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারেই ধান, এই বার ভবি বসে ঘুঘু তোমার বধিব পরাণ, বাগেরহাটের ফকিরহাটে- জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এমনই এক চাঞ্চল্যকর অভিযানে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৬ মামলার আসামী আন্তঃ জেলা মাদক সম্রাট মনির শেখ ওরফে মনি শেখ তার তিন সহযোগীসহ আটক হয়েছে । বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ সকল তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মনির শেখ ওরফে মনি শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।
পুলিশ সুপার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।#
© All rights reserved © 2025
Leave a Reply