1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধানশিক্ষক নেই ১৩ বছর, পিএন স্কুলে লাখো টাকা তছনছ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

প্রধানশিক্ষক নেই ১৩ বছর, পিএন স্কুলে লাখো টাকা তছনছ

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাণনাথ (পিএন) স্কুল অ্যান্ড কলেজে চলছে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনা। দীর্ঘ ১৩ বছর ধরে প্রতিষ্ঠানটিতে নেই কোনো নিয়মিত অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক। ফলে শিক্ষার মান যেমন মারাত্মকভাবে নেমে গেছে, তেমনি আর্থিক খাতে চলছে লাখ লাখ টাকার তছরুপ।

প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম একেবারেই অচল হয়ে পড়েছে। ২০২০ সাল থেকে ব্যাংক হিসাব সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও আর্থিক জটিলতার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের ব্যাংক হিসাব পরিচালনার দায়িত্ব নিয়ম অনুযায়ী সভাপতির হাতে থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। এর ফলে হিসাবের স্বচ্ছতা বিনষ্ট হয়েছে এবং একাধিক বড় অঙ্কের টাকা যথাযথভাবে পরিচালিত হয়নি বলে অভিযোগ উঠেছে।

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভেঙে পড়ছে, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে অনিয়ম বেড়েই চলেছে। কলেজ শিক্ষকদের ভোটাধিকার বঞ্চিত করা, আবার অভিভাবক সদস্য নির্বাচনে কলেজ শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখা—এসব অভিযোগও বছরের পর বছর ধরে চলে আসছে।

অভিভাবকরা জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভর্তি কার্যক্রম, ক্লাস পরিচালনা ও পরীক্ষা গ্রহণে অনিয়ম বেড়ে গেছে। শিক্ষার্থীরাও অভিযোগ করেছে, শিক্ষার মান দিন দিন নিম্নমুখী। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক দ্রুত নিয়োগ না দিলে প্রতিষ্ঠানটির মান ও মর্যাদা আরও ভয়াবহ সংকটে পড়বে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়েও উত্তেজনা ছড়িয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরদিন ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম জ্যেষ্ঠ শিক্ষক মোঃ ওবায়দুল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। কিন্তু এর দুই দিনের মাথায় কয়েকজন শিক্ষক, বহিরাগত সন্ত্রাসী ও উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ে মব সৃষ্টি করে প্রধান গেট বন্ধ করে দেন এবং অধ্যক্ষ ও সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন।

এই বিশৃঙ্খলার মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রীমা পারভীন ও সুদীপ্ত মন্ডলকে বেদম মারধর করা হয়। আহত অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা থেকে পুলিশ পাঠানো হলেও, খণ্ডকালীন শিক্ষক সাইফুদ্দীনের নির্দেশে সন্ত্রাসীরা গেটে তালা ঝুলিয়ে পুলিশকে প্রবেশে বাধা দেয়।

অভিভাবক ও সাধারণ শিক্ষকরা অভিযোগ করেছেন, সরকার দলীয় সুবিধাভোগী একশ্রেণির শিক্ষকই প্রশাসনিক অচলাবস্থা ও আর্থিক অনিয়মকে পুঁজি করে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তারা দ্রুত নিয়মিত অধ্যক্ষ নিয়োগ, আর্থিক দুর্নীতির তদন্ত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, অব্যবস্থাপনা দূর করে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত না করলে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :