
নাটোরে গাঁজা কেনাবেচার সময় নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ্, বিভাগীয় ব্যুরো চীফ (রাজশাহী)
নাটোরের পৌর এলাকায় গাঁজা কেনাবেচার সময় এক নারী মাদক ব্যবসায়ী এবং দুই ক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে নাটোর সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ জুলাই, ২০২৬) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে নাটোর সদর থানাধীন পৌরসভার ৩নং ওয়ার্ডের বলারিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— বলারিপাড়া এলাকার মো. আকতার হোসেনের মেয়ে মোছা: কেয়া খাতুন (২০)। মাদক ক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার হওয়া অন্য দুই আসামি হলেন— আদর্শপাড়া এলাকার শ্রী অতুল চন্দ্র মহন্তের ছেলে চয়ন কুমার মহন্ত দীপ (২০) এবং দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. ফিরোজুল ইসলামে ছেলে মাহাফুজ খন্দকার সাদি ওরফে সাইমন (২২)।
নাটোর জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থানা পুলিশের একটি বিশেষ দল বলারিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী কেয়া খাতুনের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় গাঁজা কেনাবেচার হাতেনাতে আসামিদের ধৃত করা হয়। আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৭১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।
© All rights reserved © 2025
Leave a Reply