1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চার বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ শিক্ষক সংকট, ঝরে পড়া ও অনিয়মিত উপস্থিতিতে উদ্বেগজনক ফল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

কুড়িগ্রামের চার বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ
শিক্ষক সংকট, ঝরে পড়া ও অনিয়মিত উপস্থিতিতে উদ্বেগজনক ফল
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ১০, আগস্ট ২৭
কুড়িগ্রামে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চারটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, বোর্ডের অধীনে থাকা ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে চারটি বিদ্যালয় কুড়িগ্রাম জেলার।
শতভাগ অকৃতকার্য হওয়া বিদ্যালয়গুলো হলো—রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
তালতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। ২০০১ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ২০১২ সাল থেকে নবম ও দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়া ১২ জনের সবাই অকৃতকার্য হয়েছে।
বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ১২ জন। আগামী এসএসসি পরীক্ষার জন্য নবম শ্রেণির প্রায় ২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কাব্যতীর্থ শিক্ষক ও জমিদাতা অজয় কুমার সরকার বলেন, মেয়েদের বাল্যবিবাহ এবং ছেলেদের শ্রমে যুক্ত হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। উপজেলা শহর থেকে বিদ্যালয়টি প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অনেকেই শহরের বিদ্যালয়ে ভর্তি হয়। এসব কারণেও এবার ফলাফল খারাপ হয়েছে।
রাজারহাটের ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। ২০২২ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ার পর পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয়। তাদের মধ্যে একজন বিয়ের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়ে। বাকি চারজন এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম বলেন, নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষক থাকলেও মাধ্যমিক পর্যায়ের পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আগামীতে ফলাফল ভালো করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে ২৪৫ জন শিক্ষার্থী এবং ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০১২ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। এবার বিদ্যালয়টির চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি।
এদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবিদদের মতে, একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি শুধু ফলাফলগত ব্যর্থতা নয়; এর পেছনে থাকা শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনুপস্থিতি, ঝরে পড়া, বাল্যবিবাহ এবং শিক্ষার পরিবেশের ঘাটতিও খতিয়ে দেখা জরুরি। এসব প্রতিষ্ঠানে নিয়মিত একাডেমিক তদারকি, পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করা না হলে আগামী দিনেও এমন ফলাফল অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :