
গাইবান্ধায় ভয়াবহ বাস দুর্ঘটনা: খাদে পড়ে গৃহবধূ নি*হ*ত, আহত অন্তত ১২
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা খাতুন (২৭) গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার বাসিন্দা এবং আইজল হকের স্ত্রী। দুর্ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নিউ সাফা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক ছেড়ে পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে এবং বাসচালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং কার্যকর নজরদারির দাবি দীর্ঘদিনের হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
সড়ক নিরাপত্তা নিশ্চিত না হলে এমন দুর্ঘটনা আরও প্রাণ কেড়ে নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
© All rights reserved © 2025
Leave a Reply