
মানিকগঞ্জের হাটিপাড়া-বরুন্ডি ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের নামে, কাজ না করেই অর্থ আত্মসাত
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে সত্যতা উদঘাটন করা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্প নং-১০ (উপজেলা পরিষদ ভিত্তিক) এর আওতায় “বরুন্ডি ছবেদের বাড়ি হতে ভবেশের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও ইট সোলিং” প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির বরাদ্দ ছিল সাড়ে সাত মেট্রিক টন গম, যার সভাপতি ছিলেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সম্রাট। প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল।
গণমাধ্যমকর্মীদের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রকল্পের কাজের দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। স্থানীয়দের দাবি, প্রায় ৭.৫ মেঃটন গম সমমূল্যের এ প্রকল্পে রাস্তার উন্নয়ন কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। অভিযোগ রয়েছে, সরকারি নদী থেকে সামান্য মাটি কেটে রাস্তার ওপর ফেলা হয়েছে এবং নামমাত্র কিছু নিম্নমানের ইট সোলিং করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে সেই অনুযায়ী কাজ করা হয়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে সুস্পষ্ট জবাব দেননি। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রকল্পের কাজ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলী নূর এ বিষয়ে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রমাণিত হয় যে কাজ না করে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ ফেরত দিতে হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
© All rights reserved © 2025
Leave a Reply