1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পাটকেলঘাটায় গরুবোঝাই ভ্যান উল্টে চালক নি*হত, আহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

পাটকেলঘাটায় গরুবোঝাই ভ্যান উল্টে চালক নি*হত, আহত ৭

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। একই স্থানে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরও একটি গরুবোঝাই আলমসাধু উল্টে গিয়ে নতুন করে চারজন আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন—সদর উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন এবং সরাফপুর এলাকার মো. আমিনুল ইসলাম। এছাড়া দ্বিতীয় দুর্ঘটনায় আহত আরও চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে ইশার আলী তিনটি গরু বোঝাই ইঞ্জিনভ্যান নিয়ে আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন মামুন হোসেন, মোতালেব হোসেন ও আমিনুল ইসলাম। পথিমধ্যে বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভ্যানটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইশার আলীর মৃত্যু হয় এবং সঙ্গে থাকা তিনজন গুরুতর আহত হন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় দুই ঘণ্টা পর একই স্থানে আরেকটি গরুবোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আরও চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ড্রেন ও খাদ উঁচুনিচু অবস্থায় রয়েছে। ভারী বা বোঝাই যানবাহন চলাচলের সময় সামান্য ত্রুটিতেই বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইশার আলীর পরিবারে চলছে মাতম। সড়ক নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক চিহ্ন বসানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :