
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাণিজ্য মেলার গেট প্রাঙ্গণে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সাংবাদিক মাছুম লোমেনের ওপর উপর্যুপরি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সাংবাদিকের ওপর হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথে বাধা হিসেবে উল্লেখ করে প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো সাংবাদিকের নিরাপত্তাহীনতার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
তারা আরও বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ রাখার দাবিও জানানো হয়।
প্রতিবাদকারীরা বলেন, আজ একজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে, আগামীকাল অন্য কোনো সাংবাদিকও এমন ঘটনার শিকার হতে পারেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে সোচ্চার হতে হবে।
তারা সহকর্মী সাংবাদিক মাছুম লোমেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দাবি একটাই—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে।
Leave a Reply