
গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ,
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবৈধ রাস্তা নির্মাণ বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গাইবান্ধা সদরের কাছে লিখিত আবেদন করেছেন মো. হাবিবুর রহমান হাবিব।
আবেদন সূত্রে জানা যায়, আবেদনকারী মো. হাবিবুর রহমান হাবিব, পিতা মো. আজিজুল হক সরদার, চকমামরোজপুর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, চকমামরোজপুর মৌজায় তাঁদের পারিবারিক জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট জমির বিষয়ে বিজ্ঞ আদালত বিরোধপূর্ণ পক্ষগুলোর বিরুদ্ধে স্থিতাবস্থা (Status quo) বজায় রাখার আদেশ দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর দাবি, আদালতের ওই নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। তাঁর অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, রাস্তা নির্মাণের বিষয়ে আপত্তি জানালে আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
Leave a Reply