1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 19, 2026, 10:13 pm

মিঠাপুকুরের রিয়াদের জয়গাথা: প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সেরা পুরস্কার

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026
  • 33 Time View

মিঠাপুকুরের রিয়াদের জয়গাথা: প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন সেরা পুরস্কার

রংপুর প্রতিনিধি:

গ্রামের সেই মেঠোপথ আর মাঠেঘাটে ঘুরে পাওয়া বাস্তবতার শিক্ষা থেকে জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতার মঞ্চ! মেধা, পরিশ্রম আর কৃষিকে ঘিরে নতুন স্বপ্নের গল্প লিখেছেন রংপুরের মিঠাপুকুরের সন্তান কৃষিবিদ মো. রিয়াদ মিয়া। কৃষককেন্দ্রিক স্মার্ট কৃষি ইকোসিস্টেমের উদ্ভাবনী মডেল নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দল।সেই দলের অন্যতম সদস্য রিয়াদ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করে অর্জন করেছেন গৌরব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর সন্ধ্যায় ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। ফাউন্ডেশনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। ‘Farmer-Centered Smart Agricultural Ecosystem for Future Bangladesh’ শীর্ষক মডেলটির মাধ্যমে কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং কৃষিকে আরও লাভজনক, টেকসই ও রপ্তানিমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রতিযোগীরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০টি দল অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ১৮টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে সাতটি দল চূড়ান্ত পর্বে জায়গা পায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দল।

প্রস্তাবিত মডেলে কৃষিসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি, অর্থায়ন ও বাজারব্যবস্থাকে একটি জাতীয় নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে কৃষিসেবা পৌঁছে দেওয়া, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো এবং কৃষক ও বাজারের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে।

এ ছাড়া মাটি, জলবায়ু ও বাজারের চাহিদা বিবেচনায় প্রিসিশন কৃষি, রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন, কৃষিপণ্যে মূল্য সংযোজন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমন্বয় বাড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চ্যাম্পিয়ন দলের অন্য সদস্যরা হলেন কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী মারুফ মোস্তফা মুনিম এবং কৃষি অর্থনীতি অনুষদের ৭৭তম ব্যাচের শিক্ষার্থী মো. মুহাইমিনুল ইসলাম। রিয়াদ মিয়া কৃষি অর্থনীতি অনুষদের ৮০তম ব্যাচের শিক্ষার্থী।

মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (আখিরারটারী) গ্রামের বাসিন্দা রিয়াদ মিয়ার বাবা মো. নুর ইসলাম এবং মা মোছা. রনজিনা বেগম। তিনি পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি এবং মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নিজেদের অর্জনে আনন্দ প্রকাশ করে রিয়াদ মিয়া বলেন, এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর সুযোগ বড় প্রাপ্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উন্নয়নের পাশাপাশি কৃষি খাতকেও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দলের সদস্য মারুফ মোস্তফা মুনিম বলেন, আমরা তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং তা বাস্তবে প্রয়োগ করে বাংলাদেশের কৃষির সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজতে চাই।
আরেক সদস্য মো. মুহাইমিনুল ইসলাম বলেন, কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং উৎপাদনকে দক্ষ ও বাজারমুখী করার প্রচেষ্টারই প্রতিফলন আমাদের এ মডেল।

মডেলটি সরকারের বিবেচনায় নিয়ে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে কৃষিসেবার সমন্বয় বাড়বে, কৃষকের ন্যায্য মূল্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি