
সাংবাদিক অন্তর দাশ ২৪ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার !
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে অন্তর দাশ (২৩) নামে এক সাংবাদিককে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পূর্ব পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, কাশিপুর বাজারে মোতাহার মীরের চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে অন্তর দাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার অন্তর দাশ (২৩) পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কানাই দাশের ছেলে। তার বর্তমান ঠিকানা দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দর এলাকার জুয়েলারি পট্টি বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয়ভাবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।
এ ঘটনায় অন্তর দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে ইয়াবা উদ্ধারের বিষয়ে অন্তর দাশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
Leave a Reply