1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 4, 2026, 4:46 am

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 19 Time View

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় বৃহস্পতিবার পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হন। অন্যদিকে সাদুল্যাপুরে মেয়েকে মাদ্রাসায় পৌঁছে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারান সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রব্বানী।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া এলাকায় আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মাসুদ রানা (৪৫) নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

‎অপরদিকে বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমি স্কুলসংলগ্ন এলাকায় আরেকটি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী (৫০) গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক ছিলেন।

‎স্থানীয়রা জানান, সকালে তিনি তাঁর ছোট মেয়েকে পশ্চিমপাড়ার আশ-শিফা মাদ্রাসায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

‎সাদুল্যাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরা জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

‎একই দিনে জেলার দুটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতি ও অসতর্ক যান চলাচলের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি