1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

আজ শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৮৭ Time View

আজ শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। আজ (রবিবার, ১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার।

এ ধাপে গাইবান্ধার তিন উপজেলাসহ (সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ) দেশের ৬৩ জেলার ১৫৭ উপজেলায় ভোটের লড়াইয়ে মাঠে আছেন ১৮২৮ প্রার্থী। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২১ জন প্রার্থী।

এ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার। উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। এরই মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১ মে ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রোববার মধ্যরাতে দ্বিতীয় ধাপের প্রচার শেষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ভোট নিয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আচরণবিধি ভঙ্গ ও অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে অনেক প্রার্থী ও এমপিকে শোকজ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় প্রথমে মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৫৫ জন। তাদের মধ্য থেকে ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন প্রার্থী রয়েছেন।

একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় এরই মধ্যে এ ধাপে নির্বাচিত হয়েছেন ২১ জন। তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে-কুমিল্লা আদর্শ সদরে আমিনুল ইসলাম, জামালপুরের ইসলামপুরে মো. আ. ছালাম, ফরিদপুরের নাগরকান্দায় মো. ওয়াহিদুজ্জামান, চট্টগ্রামের রাউজানে এ কে এম এহছানুল হায়দার চৌধুরী, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল কাশেম চিশতী, সাভারে মঞ্জুরুল আলম রাজীব ও মৌলভীবাজার সদরে উপজেলার কামাল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে-রাজশাহীর বাগমারায় শহীদুল ইসলাম, রাঙামাটির রাজস্থালীতে হারাধন কর্মকার, কুমিল্লা আদর্শ সদরে আহাম্মেদ নিয়াজ, চট্টগ্রামের রাউজানে নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জের আড়াইহাজারে রফিকুল ইসলাম, চাঁদপুরের হাজীগঞ্জে সুমন ও রূপগঞ্জে মিজানুর রহমান। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে-রাঙামাটির রাজস্থালীতে গৌতমী খিয়াং, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাঈদা সুলতানা, কুমিল্লা আদর্শ সদরে হোসনে আরা বেগম, চট্টগ্রামের রাউজানে রুবিনা ইয়াছমিন রুজি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জের আড়াই হাজারে শাহিদা মোশারফ ও রূপগঞ্জে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বন্ধে এসব ম্যাজিস্ট্রেট ভোটের আগে-পরে ৫ দিন মাঠে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ২ জন সশস্ত্র পুলিশও থাকছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে উচ্চ পর্যায়ের একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। ইসির স্মার্টকার্ড (আইডিইএ) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এই সেলে দায়িত্ব পালন করছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

এদিকে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ আগামী ২৯ মে। এসব উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৪৫৮ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৪৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৭৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন। এসব উপজেলায় তিনটি পদে বিনাভোটে নির্বাচিত হয়েছেন ৬ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। গত ১৩ মে থেকে প্রচার চালাচ্ছেন এসব প্রার্থী।

সবশেষ চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় নির্বাচন হবে ৫ জুন। নির্বাচনে এসব উপজেলায় মনোনয়ন দাখিল করেন ৭৩৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৭২ জন, ভাইস চেয়ারম্যান ২৬৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার চতুর্থ ধাপে ভোটে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে এ পর্যায়ে ৪৭৬টি উপজেলায় চার ধাপে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। আর ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের এখনও সময় হয়নি। পরে সে-সব উপজেলাসহ চার ধাপে যেসব উপজেলার ভোট নানা কারণে স্থগিত হবে সেসব উপজেলার নির্বাচন করা হবে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :