
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকসেবীদের কারাদণ্ড
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ :
নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ও বিভিন্ন ফাঁড়ির যৌথ মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট ও ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নে মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার একটি বিশেষ টিম যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪২০ পিস নিষিদ্ধ টাপেন্টাডোল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাইগা ইউনিয়নের শেরপুর গ্রামের মোঃ সাইদুলের মেয়ে সেতু (২৮), রাইগা মাস্টার পাড়ার মোঃ আবুল কাশেমের স্ত্রী তারা বেগম (৫০) এবং কুরাইল গ্রামের মোঃ খলিল উদ্দিনের ছেলে মোঃ আজাদুল (৪২)।
অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে ৩ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
এদিকে রাইগা মাতাজিহাট এলাকায় নারীসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশের এই সাহসী ভূমিকায় সন্তুষ্ট হয়ে এলাকাবাসী পুলিশ সুপারসহ অভিযানের সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একই দিনে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামে অভিযান চালায়। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিপু পাহানের (২২) বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’ উদ্ধার করা হয়। দিপু পাহান ওই গ্রামের গোকুল পাহানের ছেলে। ঘটনার পর তাকেও গ্রেফতার করে পুলিশ।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply