
অপরাধ সংবাদ
জড়িত এসআইকে প্রত্যাহার
পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান
মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় প্রতিনিধি
ঈদুল আজহাকে ঘিরে সিলেট সীমান্ত দিয়ে আসছে চোরাই গরু।
প্রতিদিন পিকআপ ও পিআই ট্রাকে করে আসছে গরুর চালান।
কিন্তু চোরাই পণ্য কিংবা গরুর চালান আটকানোর বদলে চোরাচালানে খোদ পুলিশের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
চোরাকারবারিদের সাথে থানা পুলিশের সখ্যতা নতুন নয়।
এতোদিন তা অগোচরে চললেও এখন মৌসুম হিসেবে তা প্রকাশ্যে এসেছে।
সীমান্ত দিয়ে আসা চোরাই গরু পাচারে খোদ পুলিশ কর্মকর্তা জড়িত থাকার তথ্য মিলেছে।
আর পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ড দেখালেই চেকপোস্টে মিলছে পাস।
এমন অপরাধে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুকুল ইসলাম সজিবকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার দৈনিক শ্যামল সিলেটে প্রতিবেদকের হাতে তথ্য প্রমাণ আসায় এবং বক্তব্য নিতে গিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি আমলে নেন।
পরে পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।
সরেজমিন দেখা যায়, সীমান্ত পথে ভারত থেকে আসা গরু-মহিষের চালান পুলিশের এই কর্মকর্তার পরিচয়ে বহণ করা হচ্ছে।
গাড়িটি তল্লাসী করা হলে মামুনুর রশিদ নামের চালক এসআই ফারুকের পরিচয় দিয়ে বলেন, গরুর চালানটি এসআই ফারুক ভাইয়ের।
আগে কখনো এই কর্মকর্তার চালান নিয়ে তিনি আসেননি। এই প্রথম এসেছেন।
আগে তার চালান আসলেও জানেন না। গরুগুলো সীমান্ত সংলগ্ন হাদারপাড় পীরেরবাজার সীমান্ত থেকে আনা হয়েছে বলেও জানান চালক।
গাড়ি চালকের ভাষ্যমতে, পুলিশের ওই কর্মকর্তা তাকে বলেছেন, রাস্তায় কোনো সমস্যা হলে তার ভিজিটিং কার্ড দেখাতে বলে দিয়েছেন।
চোরাই পন্য ও গরু-মহিষের চালান রাস্তায় যাতে চেকপোস্টে না আটকানো হয়, ক্লিয়ারেন্স পেতে তার ভিজিটিং দিয়ে দেন চোরাই পণ্য পরিবহণকারী চালক ও জড়িতদের।
সোমবার সীমান্ত থেকে আসা ভারতীয় গরুর চালান নগরের প্রবেশদ্বারে আটক করে পুলিশ।
তখন চালক তার ভিজিটিং কার্ড দেখাতেই গরুর চালান ছেড়ে দেওয়া হয়।
সরেজমিন তথ্য উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমানকে ফোন দিলে তিনি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান।
অ্যাডিশনাল এসপি রাসেল রহমান বলেন, ‘ঈদুল আজহা আসছে।
আমাদের নবাগত ডিআইজি স্যার গত ১০ তারিখে যোগদান করেই চোরাচালান রোধে নির্দেশনা দিয়েছেন।
সেই মোতাবেক পরদিন ১১ মে থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী জোরদার করা হয়েছে।
যেকোনো ধরণের অবৈধ জিনিস তল্লাসী করা হবে। এটা নির্দেশনা দেওয়া আছে।’
© All rights reserved © 2025
Leave a Reply