
অনুমোদনহীন ও নোংরা পরিবেশ: কলারোয়ায় ২ ক্লিনিক বন্ধ, জরিমানা ১০ হাজার টাকা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দুটি বেসরকারী ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার কেরালকাতা ইউনিয়নে অবস্থিত **‘মা জননী নার্সিং হোম’** এবং **‘মাতৃকল্যাণ ক্লিনিক’**-এ এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্লিনিক দুটি কোনো সরকারি অনুমোদন ছাড়া এবং নিবন্ধিত কোনো ডাক্তার ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এ ছাড়া ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তথ্যের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
পরে চিকিৎসাসেনায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিক দুটির সার্বিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবৈধ ও অনিয়মকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
© All rights reserved © 2025
Leave a Reply