
গাইবান্ধা প্রতিনিধি:
অনলাইনে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ‘গণউত্তরণ’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. আতিকুর রহমান (আতিক বাবু)-এর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় জিডিটি নথিভুক্ত করা হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ‘গণউত্তরণ’ অনলাইন নিউজ পোর্টালে মো. আমজাদ হোসেনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
অভিযোগে আমজাদ হোসেন উল্লেখ করেন, শুধু নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেই ক্ষান্ত হননি সম্পাদক আতিকুর রহমান। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Atik Babu’ থেকেও ওই সংবাদের লিংক শেয়ার করা হয়েছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং নিজের নিরাপত্তার স্বার্থে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করেন আমজাদ হোসেন। যার জিডি নম্বর-৫৬০। পরে থানার ডিউটি অফিসার মো. রবিউল আলম জিডিটি নথিভুক্ত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেছেন অভিযোগকারী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সম্পাদক মো. আতিকুর রহমানের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
Leave a Reply