
অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান,
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট ।
বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু থেকে অনিয়ম-দূর্নীতিতে আলোচিত এ অফিসে দুদক আকস্মিক অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে এ অভিযানকালে পাসপোর্ট অফিসে সেবা প্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে দুদকের বাগেরহাট জেলা কার্য্যালয়ের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র যাচাই এবং অফিসের সেবা কার্য্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। অভিযানে সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা প্রার্থীদের সঙ্গে অ-সৌজন্য মূলক আচরণের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। দুদকের বাগেরহাট জেলা সমন্বিত কায্যালয়ের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, পাসপোর্ট অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা প্রার্থীদের সঙ্গে অ-সৌজন্যমূলক আচরণের প্রমাণ মিলেছে। অভিযান চালিয়ে যেসব তথ্য-উপাত্ত ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।#
বাগেরহাট
১০-১১-২০২৬
Leave a Reply