
গাইবান্ধায় দুই মোটরসাইকেল থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে সাড়ে ৭ কেজি গাঁ*জা উ*দ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর বাজারে মো. তাজুল ইসলামের ফাতিহা ট্রেডার্সের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মাইদুল ইসলাম (২২) ও শাকিল খান (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে চার কেজি এবং অপর একটি মোটরসাইকেল থেকে সাড়ে তিন কেজি গাঁ*জা উ*দ্ধার করা হয়। বিশেষ কৌশলে গাঁ*জাগুলো ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
উদ্ধার করা গাঁ*জার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেল দুটির মূল্য প্রায় ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply