
ব্রেকিং নিউজ
সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু আহমদ কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।
সোমবার (১৫ জুন) কানাইঘাট থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২৬ বছর বয়সী এক নারী অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত রাজু আহমদ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত রোববার কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার রামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু আহমদকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে একাধিক পোস্ট দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতেও তার বিরুদ্ধে ইভটিজিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply