
ধাপেরহাটে অতিরিক্ত ভাড়া আদায়: বনশ্রী পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা, যাত্রীদের ফেরত ৮ হাজার ৪০০ টাকা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা গামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বনশ্রী পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ৮ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ধাপেরহাট ভূমি অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন,, সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।
জানা গেছে, ঈদকে সামনে রেখে ঢাকা গামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনশ্রী পরিবহনের একটি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী পরিবহন কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা মোট ৮ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, “ধাপেরহাট থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৮০০ টাকার বেশি নয়। এর চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীরা দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।”
তিনি আরও জানান, যাত্রীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং পরিবহন খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠে আসছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের কঠোর অবস্থান সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রী হয়রানি কমানো সম্ভব হবে।
© All rights reserved © 2025
Leave a Reply