
গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় থানা হলরুমে থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ পূজা-পূর্ববর্তী, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পূজাকালীন সময়ে মাদক, ইভটিজিং, ছিনতাই, জুয়া, হাউজি, আতশবাজি ও পটকা ফুটানো নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মসজিদসংলগ্ন পূজামণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। গভীর রাতে উচ্চস্বরে ডিজে বা শব্দযন্ত্র ব্যবহার না করার জন্যও আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় কটুক্তি, উসকানিমূলক মন্তব্য, ছবি বা ভিডিও এবং ভুয়া আইডির মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার পাশাপাশি নিজেরা আইন হাতে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর, সাধারণ সম্পাদক (ভারঃ) নিকুঞ্জ দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয় রায়, সাংগঠনিক সম্পাদক সুমন চাকী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক সাহা, সাপমারা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সজল দেবনাথ, হরিরামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলুময় রায়, জেলা বিশেষ শাখার এসআই আনিসুর রহমান আনিস, এসআই মমিনুল ইসলাম, এসআই আকতারুজ্জামান সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply