
শ্বাসরোধ করে খুন: যাবজ্জীবন কারাবাসে জামাই
২০২৩ সালের ২১ আগস্ট। টামনা থানার নাথুডি পাড়ার ঘটনা। দীর্ঘদিন ধরেই চলছিল সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। ৭০ বছরের বয়স্কা বিধবা মহিলা গীতা রায়। তিন মেয়ের বিয়ে দিয়ে তিনি একাই বাস করতেন স্বামীর ভিটে-বাড়িতে। বড় এবং ছোট মেয়ে থাকতেন অন্য শহরে, বাড়ির কাছাকাছি থাকতেন মেজো মেয়ে জয়শ্রী বিশ্বাস। মেজজামাই জনাথন বিশ্বাসের লোভ ছিল গীতা দেবীর সম্পত্তির উপর। সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথা প্রায়ই বলতো জামাই। কিন্তু গীতাদেবী কোন মতেই রাজি হতেন না। আর এই ঘটনা থেকেই ঝামেলার সূত্রপাত। সেদিন রাত ৯ টা নাগাদ দু’জনের মধ্যে বচসা শুরু হলে জনাথন বিশ্বাস গীতাদেবীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর পরিস্থিতি সামাল দিতে পরিবারের বাকি সদস্যের সঙ্গে অভিযুক্ত জনাথন বিশ্বাস গীতাদেবীকে নিয়ে হাসপাতালে পৌঁছয়, কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এই পর্যন্ত সবটা স্বাভাবিক হলেও, ঘটনার মোড় ঘুরে যায় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর। রিপোর্টে পরিষ্কার বলা হয়, গীতা দেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
উক্ত রিপোর্টের ভিত্তিতে ২৫ আগস্ট মৃতা গীতা রায়ের ছোট মেয়ে পূজা মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে টামনা থানায় একটি মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর তাপস কুমার মিশ্র তদন্তে নেমে শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ণাঙ্গ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সদ্য এই মামলার রায় বেরিয়েছে। এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
Purulia District Police
© All rights reserved © 2025
Leave a Reply