
গোবিন্দগঞ্জে জাল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ,থানায় লিখিত অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইড় এলাকায় মাছ ধরার জাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, ভাঙচুর, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মতিন মিয়া (৩২)।
অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই ২০২৬ বিকেলে মতিন মিয়া চারটি কারেন্ট জাল নিয়ে দিগদাইড় বিলে যাওয়ার পথে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে একটি জাল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, এক অভিযুক্ত ধারালো চাকু দিয়ে তার বাম চোখের পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে অন্যরা লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে এবং চারটি কারেন্ট জাল জোরপূর্বক নিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পরদিন ১৭ জুলাই সকালে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় টিনের ঘরের বেড়া ও মালামাল ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মতিন মিয়ার বাবা শাহারুল প্রধান ও চাচাতো বোন রানী বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এক পর্যায়ে শাহারুল প্রধানের শার্টের পকেট থেকে ২৬ হাজার ২৬০ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া রানীর গলায় থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাকে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মতিন মিয়ার মা, স্ত্রী ও দাদীকেও মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© All rights reserved © 2025
Leave a Reply