
ক্লাসরুমের পাশেই ময়লার ভাগার! দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী, পৌরসভার হস্তক্ষেপ দাবি
পলাশবাড়ী গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ক্লাসরুমের পাশেই দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ময়লার ভাগার। এতে তীব্র দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পাঠদান চলছে। একই সঙ্গে গলিটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রতিদিন শত শত পথচারীকেও নাক চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং নিয়মিত অপসারণ না হওয়ায় এখানে প্রতিদিন নতুন করে ময়লা ফেলা হচ্ছে। গরমে এসব ময়লা পচে অসহনীয় দুর্গন্ধ সৃষ্টি করছে। প্লাস্টিক, খাদ্যবর্জ্য ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, “ক্লাসরুমের একেবারে পাশে ময়লার স্তূপ থাকায় দুর্গন্ধে ঠিকমতো ক্লাসে মনোযোগ দেওয়া যায় না। অনেক সময় জানালা খুলেও বসা যায় না।”
পথচারী শহিদুল ইসলাম বলেন, “ময়লার পোটলাগুলো রাস্তার মধ্যেই ফেলে রাখা হয়। গরমে পচে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর।”
শিক্ষার্থী ফারজানা সুলতানা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাই। দুর্গন্ধের কারণে নাক চেপে ধরে চলতে হয়। পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত ময়লাগুলো সরিয়ে নেয় এবং ভবিষ্যতে এখানে আর ময়লা ফেলতে না দেওয়া হয়।”
প্রফেসর পাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “পৌরসভার কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মানুষ যত্রতত্র ময়লা ফেলছে। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি শিশু-কিশোরদের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে।”
সচেতন নাগরিকদের মন্তব্য
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি ডেঙ্গু, মাছি-মশার উপদ্রব ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তারা দ্রুত বিকল্প ডাম্পিং ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ, সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন এবং যারা যত্রতত্র ময়লা ফেলছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply