
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় এই সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় একটি মীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে , উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের দুই ভাগ্নে কাকন ও নিরন জুনদহ এলাকায় বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী এবং গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের ছাত্র আল আমিনকে মারধর করেন।
এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হন। এর জের ধরে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এবং ৪ নং বরিশাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলামসহ উভয় দলের অন্তত ৬ জন আহত হন।
আহতদের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আশরাফুল ইসলাম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জুনদহ বাজারে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রুহুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের পর থেকে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
#followers #follower
© All rights reserved © 2025
Leave a Reply