
কালবৈশাখী ঝড়ে প্রা*ণ গেল শারমিনের
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া তালগাছের নিচে চাপা পড়ে শারমিন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফের কন্যা শারমিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এ সময় প্রবল বাতাসে একটি পুরনো তালগাছ ভেঙে তার ওপর পড়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
শারমিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, শারমিন ছিল অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয় একটি শিশু। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
স্থানীয় সচেতন মহল বলছে, কালবৈশাখী ঝড়ের সময় বড় গাছের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারগুলোকে আরও সতর্ক থাকতে হবে।
এদিকে এলাকাবাসী নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply