
গাইবান্ধায় খাল খননে শ্রমিকের জায়গায় ভেকুর ব্যবহার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) এর আওতায় গাইবান্ধায় খাল খনন/পুনঃখনন কাজে শ্রমিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ভেকু বা এক্সেভেটর। এতে করে প্রকল্প কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।
২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) এর আওতায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর ব্রিজ হতে জোতকালিকা প্রসাদ চৌধুরী হয়ে কলেজ রোড প্রফেসর কলোনী ব্রিজ পর্যন্ত খাল খনন/পুনঃখনন কাজের বরাদ্দ দেয়া হয়। যার ব্যয় বরাদ্দ ধরা হয় প্রায় ১৮ লাখ টাকা। গত ১৮ মে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে খাল পুনঃখনন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
স্থানীয়দের অভিযোগ কাজটি বাস্তবায়নে কাজের স্থানে প্রকল্পের তথ্য সম্বলিত একটি সাইন বোর্ড ঝুলানোর নিয়ম থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (Employment Generation Program for the Poorest) বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী এই কর্মসূচির মূল ভিত্তিই হলো শ্রম-নির্ভর (Labor-intensive) কাজ। অর্থাৎ, ভারী যন্ত্রপাতির পরিবর্তে স্থানীয় হতদরিদ্র ও বেকার শ্রমিকদের কায়িক শ্রমের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার নিয়ম থাকলেও হতদরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির সরকারি এই মহতী উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের জায়গায় ব্যবহার করা হচ্ছে ভেকু বা এক্সেভেটর। ফলে নীতিমালাকে পাশ কাটিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি এই ধরনের অবৈধ যান্ত্রিক খনন কাজ পরিচালনা করায় সরকারের মূল উদ্দেশ্য—অতিদরিদ্রদের মৌসুমী বেকারত্ব দূর করা ও সামাজিক সুরক্ষা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তৃণমূল পর্যায়ে শ্রমিকের অধিকার রক্ষা ও দুর্নীতি রোধে দ্রুত স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
© All rights reserved © 2025
Leave a Reply