
গোবিন্দগঞ্জে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা বৃষ্টি খাতুনসহ হানি ট্র্যাপ চক্রের সকল সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন ইমদাদুল হক, মল্লিকা বেগম, তুহিন বেগম, কমেলা বেগম, সফুরা বেগম, সাদিকুল প্রধান শুভ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি হানি ট্র্যাপ চক্র। বিয়ের কাবিননামা, মোবাইলে ধারণকৃত গোপন ছবি ও ভিডিও, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট, ফোনের কল রেকর্ড ফাঁসের হুমকি এবং মামলার ভয় দেখিয়ে ৬/৭ জন যুবকের কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সাংবাদিক, কাজী ও কতিপয় স্থানীয় নেতা জড়িয়ে পড়েছেন এই হানি ট্র্যাপ চক্রে। তবে চক্রটির মূলহোতা বৃষ্টি খাতুন নামের একজন কলেজ শিক্ষার্থী। সে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুক রিলসে নানা ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন। রূপের জাদুতে বশ করেন নির্দিষ্ট ব্যক্তিকে। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার পরিবারসহ হানি ট্র্যাপ চক্রের অন্যান্য সদস্যরা। আর এসব অনৈতিক কাজে বাঁধা দিলে কিংবা প্রতিবাদ করলে স্থানীয়দের নামে দেওয়া হয় হয়রানিমূলক মামলা। তাই মানববন্ধনের মাধ্যমে এই হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের পাশাপাশি ভুক্তভোগীসহ এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
© All rights reserved © 2025
Leave a Reply