1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আগামীকাল থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

আগামীকাল থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ ও উচ্চ আদালতের নির্দেশনার পর পবিত্র রমজানের শুরু থেকেই দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোচিং সেন্টারগুলো খোলা রয়েছে। কোথাও কোথাও স্কুল-কলেজে শিক্ষকদের ব্যাচ করে পড়ানোর খবরও মিলেছে। পাশাপাশি বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও খোলা রয়েছে। এতে রোজায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের।

অভিভাবকদের অভিযোগ ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে রোজা ও ঈদের ছুটির মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিরা জানান, অনেক অভিভাবক রোজায় ইংলিশ মিডিয়াম স্কুল পুরোদমে চালানোয় ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের ডেকে পাঠান। তাদের সঙ্গে আলোচনা করে সোমবার থেকেই ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণার নির্দেশনা দেন।

মন্ত্রীর এমন নির্দেশনার পর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিরা জানান, ঈদের ছুটির আগ পর্যন্ত তাদের অনেকগুলোর পরীক্ষার ঘোষিত সময়সূচি রয়েছে। পাশাপাশি স্কুল বন্ধ করলেও কোচিং সেন্টারগুলো খোলা রয়েছে। এতে শিক্ষার্থীদের বাসা থেকে বের হতেই হবে।

তখন শিক্ষামন্ত্রী পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো নেওয়ার পরামর্শ দেন। তবে সোমবার থেকেই ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেন। একই সঙ্গে কোচিং খোলা থাকার বিষয়টি জানতে পেরে শিক্ষামন্ত্রী স্কুল ছুটির মধ্যে সব ধরনের (বাংলা ও ইংলিশ মিডিয়াম) কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশনা দেন। এ নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

এদিকে, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি এবং ছুটির মধ্যে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়সমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধু আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে।

এছাড়া বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সকল কার্যক্রম এ সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, এবার রোজার প্রথম ১৫ দিন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। ৮ মার্চ থেকে সব স্কুল বন্ধের কথা ছিল। তবে নতুন সরকার এ সিদ্ধান্তে পরিবর্তন আনে। বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে গত ১৯ ফেব্রুয়ারি তথা প্রথম রোজার দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে বিএনপি সরকার।

এতে পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে ২৬ দিনের ছুটি দেওয়া হয়েছে। ছুটি শেষে ২৯ মার্চ ফের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- দেশের সব কোচিং সেন্টার এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :