
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদারের অংশ হিসেবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৃথক দুটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের এসব মালামাল জব্দ করে। সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৭ আরবি পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও ৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে এসব পণ্য সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে পাচারের পরিকল্পনা ছিল।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ৬ আরবি পয়েন্ট থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া পোস্ট এলাকায় পৃথক অভিযান চালায়। সেখানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া সকল মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
© All rights reserved © 2025
Leave a Reply