1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা গড়ার আহ্বান এমপি খালেকের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

মাদক-সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা গড়ার আহ্বান এমপি খালেকের

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল জেলায় রূপান্তরের লক্ষ্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর-দেবহাটা (২) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করাই তার রাজনীতির মূল লক্ষ্য।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় এমপি আব্দুল খালেক বলেন, আমি কোনো দলকানা রাজনীতি করি না। সাতক্ষীরার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। তিনি প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত সাতক্ষীরা গড়তে হলে প্রথমেই মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হবে। মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। তাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এমপি খালেক আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি সাতক্ষীরাকে একটি আধুনিক, নিরাপদ ও বিনিয়োগবান্ধব জেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় হলেও মাদকের কারণে অপরাধ বাড়ছে। গত ১৭ মাস ধরে দায়িত্ব পালনকালে তিনি মাদক নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, চুরির অন্যতম কারণ মাদকাসক্তি। মাদক নিয়ন্ত্রণে আনতে পারলে অপরাধও কমে আসবে। এ বিষয়ে সংসদ সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, জলাবদ্ধতা নিরসন করা গেলে সদর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর অনাবাদি জমি পুনরায় চাষের আওতায় আনা সম্ভব। এতে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক উন্নয়ন ঘটবে।
উন্মুক্ত আলোচনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান শিক্ষক জাতীয়করণ, ভবন উন্নয়ন, শহরের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং ট্রেনলাইন স্থাপনের দাবি জানান। সাংবাদিক আবু সাইদ বিশ্বাস অভিযোগ করেন, টিসিবির পণ্য অনিয়মের মাধ্যমে বিক্রি হচ্ছে—এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।
ভোমরা বন্দরের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বিভিন্ন দপ্তরে ঘুষবাণিজ্য বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান মাওলানা হাবিবুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সমাজসেবা কার্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, শিশুপার্ক সংস্কার, উপজেলা কমপ্লেক্স উন্নয়ন, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, মাওলানা আব্দুন সবুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার সমস্যা চিহ্নিত করে কার্যকর ও বাস্তবসম্মত সমাধান গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত আলোচনায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে জোরালো মতামত উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :