
দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধ
দীর্ঘ ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে হাওরপাড়ের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের বন্যা বইছে।
সফরসূচি চূড়ান্ত হওয়ার পর প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ সফর সফল করতে রোববার বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জ জেলার চারজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
তাঁরা হলেন—সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সফরসূচি অনুযায়ী, সফরের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খেলাধুলা উপভোগ করবেন।
এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সভার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে বিশেষ প্রাধান্য দিয়েছেন।
তাঁর আগ্রহের তালিকায় রয়েছে কুস্তি, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, মার্বেল ও লাঠি খেলাসহ আবহমান গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী ক্রীড়া।
আয়োজনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমরা চারজন সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ সভা করেছি।
এই ঐতিহাসিক আয়োজনকে সফল ও উৎসবমুখর করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফরে আমরা নিজ নিজ আসনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তাঁর সামনে তুলে ধরব।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কাজী নাসিম উদ্দিন লালা জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আমরা মৌখিকভাবে বার্তা পেয়েছি, তবে আনুষ্ঠানিক লিখিত চিঠি এখনো হাতে আসেনি।
তাসত্ত্বেও একটি স্মরণীয় ও সফল আয়োজনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখছি।
সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, যুব ও ক্রীড়া সচিব বিষয়টি জেলা প্রশাসককে ফোনে অবহিত করেছেন।
আনুষ্ঠানিক সফরসূচি এখনো না এলেও স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস, গ্রামীণ খেলাধুলার প্রদর্শনী এবং সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে বিগত ২০০৪ সালে তারেক রহমান সুনামগঞ্জ সফর করেছিলেন।
সে সময় তিনি সুনামগঞ্জ-১ আসনের প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনসহ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও সুনামগঞ্জ সদরে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
Leave a Reply