
আদালতের নির্দেশে ফুলছড়িতে কবর থেকে শিশুর লাশ উত্তোলন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় দক্ষিণ উদাখালি গ্রামের সরদারপাড়ায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২২ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে শিশুটির লাশটি উত্তোলন করা হয়।
স্থানীয় ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রমজান মাসে দক্ষিণ উদেখালি গ্রামের (সরদারপাড়া) প্রবাসী সবুজ মন্ডলের ছেলে সাদিক মন্ডল (৭) নামের শিশুটি নিজ বাড়িতে মারা যায়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কোনো ময়নাতদন্ত ছাড়াই তাকে একটি কবরস্থানে দাফন করা হয়। তবে শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সন্দেহ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন অভিযোগে আদালতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ইউপি সদস্য খাজা মিয়া বলেন, ‘গত রমজান মাসে আমার ভাতিজা মারা যায়। তাকে কে বা কারা মেরেছে।এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তে নিয়োজিত ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করে শিশুটির লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
লাশ উত্তোলনের সময় গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি), মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply