
মানিকগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ কর, চাই সুস্থ ধারার রাজনীতি ” এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগের নাশকতা, অপতৎপরতা ও অপপ্রচারের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৩ জুন ২০২৬ ইং রোজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সকল ধরনের অপতৎপরতা ও অপপ্রচার প্রতিহত করতে হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফ হোসেন এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দীপু, সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2025
Leave a Reply