
ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
’করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসাইন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. তাজমিরা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেব নাথ।
মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ফল চাষের আধুনিক প্রযুক্তি, ফলের পুষ্টিগুণ এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, ১৮ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
© All rights reserved © 2025
Leave a Reply