
“নওগাঁর মান্দা’য় ট্রাক মাইক্রোবাস মুখো মুখি সংঘর্ষ, মা ও ছেলে সহ আহত ৩”
নওগাঁর মান্দা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
নওগাঁর মান্দা’য় রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিজয়পুর নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ জন সহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ১৮ মে ২৬ ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার ধানমন্ডি এলাকার আমিনুল ইসলাম (৩৬), তাঁর মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আমিনুল ইসলাম তাঁর অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাস যোগে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি মান্দার বিজয়পুর এলাকায় পৌছালে বিপরীত দিক (রাজশাহী) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply