
গাইবান্ধা জেলা শহরে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা শহরে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে শহরে ঈদের কেনাকাটার আমেজ বেড়েছে । ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও আকর্ষণীয় ডিসপ্লে করা হয়েছে, যা পথচারীদেরও দৃষ্টি কাড়ছে।
শহরের কাঁচারী বাজার, সালিমার সুপার মার্কেট, পৌর মার্কেট, ইসলাম প্লাজা সহ বেশ কিছু মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক, কসমেটিক্স ও জুতার নানা সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে।
ব্যবসায়ীরা জানায়, রমজানের শুরুতে বিক্রি তুলনামূলক কম থাকলেও রমজানের শেষ দশ দিনে এসে বিক্রি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঈদের যত দিন ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে তারা আশা করছেন।
এদিকে ক্রেতারাও বলছেন, ঈদের কেনাকাটা ধীরে ধীরে শুরু করেছেন তারা। শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকে এখন থেকেই পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী কিনে নিচ্ছেন।
বিক্রি বাড়াতে শহরের বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণাও চালাচ্ছে। কোথাও বিশেষ ছাড়, আবার বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ফলে দিন যত যাচ্ছে, গাইবান্ধার ঈদের বাজারে ততই বাড়ছে উৎসবের আমেজ।
© All rights reserved © 2025
Leave a Reply