
কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না —প্রতিমন্ত্রী নূরুল হক।
এইচ.এম. নুরনবী
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, দশমিনা-গলাচিপার সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশমিনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক এমপি। বক্তব্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘লংকাঝংক’ করার চেষ্টা করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান।
দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শাহআলম শানুর সঞ্চালনায় বক্তারা মরহুমের জীবন ও কর্ম স্মরণ করে বলেন, শহীদ শাহজাহান খান ছিলেন দশমিনা ও গলাচিপার গণমানুষের আপনজন। তিনি আজীবন মানুষের অধিকার আদায়ে ও এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তাঁর আদর্শ, সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপি নেতা মোঃ শামীম খাঁন, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তরের সাবেক সহসভাপতি মিজান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম ফানসাইদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে.এম. ইমরান শাহীন, সাধারণ সম্পাদক মোঃ লিয়ার হোসেন এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মাতব্বর ও মোঃ শহিদুল ইসলাম। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply