
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গোবিন্দগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদল।
গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা ছাত্রদলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি পৌর শহর থেকে শুরু হয়ে চায়না ক্যাম্প হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এতে প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
শোডাউনে উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, পৌর যুবদলের আহবায়ক মইন উদ্দিন লিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আল-আমিন রনি, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক সজিব উদ্দিন, সদস্য সচিব নিবরাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোডাউন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতা ও সহিংসতার চেষ্টা করছে। কোনোভাবেই তাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। সরাসরি জনগণ ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে মোকাবিলা করতে ছাত্রদল সবসময় প্রস্তুত।
Leave a Reply